বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বাংলাজুড়ে ভারী বৃষ্টির সতর্কতা; অতি ভারী বৃষ্টির আশঙ্কা একাধিক জেলায়
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ে ধসের আশঙ্কা।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা জারি বাংলাজুড়ে
কলকাতা: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে
ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের মধ্যে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা ও সংলগ্ন এলাকায় সারাদিন আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শহরের বিভিন্ন নিচু এলাকায় জল জমার আশঙ্কা থাকছে।
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। পাহাড়ি জেলাগুলিতে ভারী বৃষ্টির জেরে ধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি নিচু এলাকায় জল জমার সম্ভাবনাও রয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। ভারী বৃষ্টিপ্রবণ এলাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
