নান্দেদে সুখবীর বাদলের ওপর কৃপাণ হামলা, জখম ডান হাত; গ্রেফতার অভিযুক্ত
নান্দেদের মাতা সাহেব কৌর গুরুদ্বারের সামনে SAD প্রধান সুখবীর সিং বাদলের ওপর কৃপাণ হামলার অভিযোগ। জখম ডান হাত, গ্রেফতার ৬২ বছরের নিহাঙ্গ সেবাদার।
নান্দেদে সুখবীর বাদলের ওপর কৃপাণ হামলা, জখম ডান হাত
মহারাষ্ট্রের নান্দেদে শিরোমণি অকালী দল (SAD)-এর প্রধান সুখবীর সিং বাদলের ওপর কৃপাণ নিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ১৩ আগস্ট মুগাত এলাকার মাতা সাহেব কৌর গুরুদ্বারের সামনে এক নিহাঙ্গ সেবাদার আচমকা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ। হামলায় সুখবীর বাদলের ডান হাত জখম হয়। ঘটনায় এক নিরাপত্তারক্ষীও আহত হন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম জসপাল সিং। ৬২ বছর বয়সি ওই নিহাঙ্গ সেবাদার গুরুদ্বারের সঙ্গে যুক্ত ছিলেন। হামলার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ।
ঘটনার সময় সুখবীর সিং বাদলের সঙ্গে তাঁর স্ত্রী তথা সাংসদ হরসিমরত কৌর বাদলও উপস্থিত ছিলেন। হামলার পর দ্রুত সুখবীর বাদলকে নান্দেদের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর হাতে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যায় এবং পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনাকে ঘিরে নান্দেদে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি পুলিশ সুপারের কাছ থেকে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের ডিসেম্বরে অমৃতসরের স্বর্ণ মন্দিরের বাইরে সুখবীর সিং বাদলের ওপর হামলার চেষ্টা হয়েছিল। সেই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান তিনি। ফের তাঁর ওপর হামলার ঘটনায় রাজনৈতিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ তৈরি হয়েছে।
