প্রতারণার মামলায় গ্রেপ্তার অভিজিৎ দে ভৌমিককে হেলমেট পরিয়ে কোচবিহার আদালতে তোলা হয়। আদালত চত্বরে ডিম নিক্ষেপ ও ‘চোর’ স্লোগানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
কোচবিহার, ২৩ জুলাই: প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার হওয়া কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ দে ভৌমিককে বৃহস্পতিবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে হেলমেট পরিয়ে কোচবিহার জেলা আদালতে তোলা হয়। আদালত চত্বরে তাঁকে ঘিরে বিক্ষোভ, স্লোগান ও ডিম নিক্ষেপের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বাগডোগরা এলাকা থেকে অভিজিৎ দে ভৌমিককে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালতে তোলার সময় সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় আদালত চত্বরে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। নিরাপত্তার স্বার্থে তাঁকে হেলমেট পরিয়ে আদালতে নিয়ে যাওয়া হয়।
অভিজিৎ দে ভৌমিক আদালত প্রাঙ্গণে পৌঁছাতেই বিক্ষুব্ধ জনতার একাংশ ‘চোর, চোর’ স্লোগান দিতে শুরু করে। এরপর কয়েকজন বিক্ষোভকারী তাঁর দিকে ডিম নিক্ষেপ করেন বলে অভিযোগ। যদিও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তা বলয়ের মধ্যেই তাঁকে আদালতে নিয়ে যাওয়া হয়।

রাজনৈতিক মহলের একাংশের দাবি, সাম্প্রতিক নির্বাচনের পর থেকেই অভিজিৎ দে ভৌমিককে জনসমক্ষে খুব একটা দেখা যাচ্ছিল না। তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে সক্রিয় রাজনীতি থেকে সরে এসে ভবিষ্যতে পেশাগত জীবনেই মনোনিবেশ করার ইচ্ছার কথাও জানিয়েছিলেন।
এদিকে, তাঁর বিরুদ্ধে একাধিক মামলার তথ্য সামনে এসেছে বলে জানা গিয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে আগাম জামিনের আবেদন করেছিলেন বলেও সূত্রের খবর। তবে শেষ পর্যন্ত কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি নতুন প্রতারণার মামলায় বুধবার বাগডোগরা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
দুরান্ড কাপ ২০২৬ শুরু ২৫ জুলাই, ফুটবলের শহর কলকাতা প্রস্তুত ঐতিহ্যের মহারণের জন্য
বর্তমানে মামলার তদন্ত চলছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
