পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষায় বড় পরিবর্তন, সিলেবাস ও মূল্যায়ন পদ্ধতি পর্যালোচনায় বিশেষজ্ঞ কমিটি গঠন
পশ্চিমবঙ্গ সরকার স্কুল শিক্ষার মানোন্নয়নে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণির সিলেবাস, পাঠ্যপুস্তক, মূল্যায়ন ব্যবস্থা ও প্রাইভেট টিউশন নির্ভরতা কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করবে এই কমিটি।
সিটি নিউজ বাংলা ডেস্ক:
রাজ্যে পালাবদলের পর স্কুল শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য স্কুল শিক্ষা দফতর একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও যুগোপযোগী করে তুলতে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই কমিটি প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের সম্পূর্ণ পাঠ্যক্রম, সিলেবাস ও পাঠ্যপুস্তক বিস্তারিতভাবে পর্যালোচনা করবে। পাশাপাশি বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক বিশ্লেষণ করে রাজ্য সরকারের কাছে প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে।
এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায়।
নতুন শিক্ষানীতির অন্যতম লক্ষ্য হবে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ধারণাভিত্তিক (Concept-based) শিক্ষার উপর গুরুত্ব দেওয়া। যাতে ছাত্রছাত্রীরা শুধুমাত্র পরীক্ষার জন্য পড়াশোনা না করে, বিষয়টি গভীরভাবে বুঝতে ও আত্মস্থ করতে পারে এবং শেখার প্রতি স্বাভাবিক কৌতূহল তৈরি হয়।
এছাড়াও শিক্ষার্থীদের উপর পরীক্ষার অতিরিক্ত চাপ কমাতে একটি আধুনিক, বিজ্ঞানসম্মত ও চাপমুক্ত মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলার সুপারিশ করবে এই কমিটি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে, প্রাইভেট টিউশন নির্ভরতা কমিয়ে বিদ্যালয়কেন্দ্রিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। লক্ষ্য থাকবে, শ্রেণিকক্ষেই এমনভাবে পাঠদান করা যাতে ছাত্রছাত্রীরা নিজেদের সমস্ত বিষয়ভিত্তিক সংশয় দূর করতে পারে এবং আলাদা টিউশনের প্রয়োজনীয়তা অনেকটাই কমে আসে।
শিক্ষা মহলের একাংশের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে রাজ্যের স্কুল শিক্ষাব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সূচনা হতে পারে। এখন নজর থাকবে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ এবং তার বাস্তবায়নের দিকে।
