কোচবিহারে এসইউসিআই-এর জেলা কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ঘিরে রাজনৈতিক উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে এসইউসিআই, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
কোচবিহার: কোচবিহারে এসইউসিআই-এর জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার ভোররাতে জেলা কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে এসইউসিআই। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি।

এসইউসিআই-এর অভিযোগ, বুধবার ভোর প্রায় ৩টা নাগাদ “জয় শ্রীরাম” স্লোগান দিতে দিতে একদল সশস্ত্র দুষ্কৃতী তাদের জেলা কার্যালয়ে হামলা চালায়। অভিযোগ, লোহার রড ও সাবল দিয়ে তালাবদ্ধ দরজা ভেঙে কার্যালয়ে ঢুকে সাইকেল, আলমারি, চেয়ার, টেবিল, ফ্যান, মনীষীদের ছবি-সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথি ও বইপত্র তছনছ করা হয় বলেও দাবি করেছে দলটি।
এসইউসিআই-এর আরও অভিযোগ, কার্যালয়ে বই বিক্রির প্রায় ৯ থেকে ১০ হাজার টাকা নগদও হামলাকারীরা নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে, বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনও রাজনৈতিক দলের জেলা কার্যালয়ে ভাঙচুরের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এ ধরনের ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। বিজেপির দাবি, বর্তমানে সাধারণ মানুষের সমর্থন তাদের দিকেই রয়েছে এবং রাজনৈতিকভাবে দলকে বদনাম করার উদ্দেশ্যেই এই অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের চিহ্নিত করতে প্রশাসনের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।
