উত্তরবঙ্গের নদী রক্ষায় ১০ দফা দাবি, চালসায় ২১ পরিবেশ সংগঠনের আলোচনা
বিশ্ব নদী দিবসে চালসায় সবুজ মঞ্চের আলোচনা সভা। দূষণ, দখল, নদীভাঙন ও অবৈধ বালি-পাথর উত্তোলন নিয়ে আলোচনা এবং নদী সংরক্ষণে ১০ দফা দাবিপত্র তৈরি।
উত্তরবঙ্গের নদী বাঁচাতে ১০ দফা দাবি, চালসায় পরিবেশ সংগঠনগুলির আলোচনা সভা
সিটি নিউজ বাংলা | উত্তরবঙ্গ
চালসা, ২৭ সেপ্টেম্বর: উত্তরবঙ্গের নদীগুলির দূষণ, দখল, নদীভাঙন এবং অবৈধ বালি-পাথর উত্তোলন নিয়ে আলোচনা সভার আয়োজন করল পরিবেশ সংগঠন সবুজ মঞ্চ। বিশ্ব নদী দিবস উপলক্ষে চালসা যুব আবাসে আয়োজিত এই সভার বিষয় ছিল ‘উত্তরবঙ্গের নদী সমস্যা ও আমাদের দাবি’।

আলোচনা সভায় উত্তরবঙ্গের সাত জেলার ২১টি পরিবেশ সংগঠনের প্রায় ৭৫ জন প্রতিনিধি অংশ নেন। নদী ও পরিবেশ নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাপকরাও আলোচনায় যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতে নেপালে সাম্প্রতিক হরপা বানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দূষণ, দখল ও নদীভাঙন নিয়ে আলোচনা
সভায় তিস্তা, তোর্সা, মহানন্দা, আত্রেয়ী, গঙ্গা ও ফুলহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন নদীর বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। নদীদূষণ, অবৈধ বালি ও পাথর উত্তোলন, নদীর জমি দখল, নদীভাঙন এবং স্বাভাবিক গতিপথে হস্তক্ষেপের মতো একাধিক সমস্যা নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন বিভিন্ন জেলার প্রতিনিধিরা।
বক্তাদের আলোচনায় নদীর সামগ্রিক স্বাস্থ্য পুনরুদ্ধারে সমন্বিত পরিকল্পনার প্রয়োজনীয়তার বিষয়টি উঠে আসে। পরিবেশ, ভূমি, কৃষি ও সেচ-সহ নদী ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিভিন্ন সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করার প্রয়োজনীয়তার কথাও বলা হয়।
নদী সংরক্ষণে ১০ দফা দাবিপত্র
আলোচনা সভা থেকে উত্তরবঙ্গের নদীগুলির স্বাস্থ্য পুনরুদ্ধার ও সংরক্ষণের লক্ষ্যে একটি ১০ দফা দাবিপত্র তৈরি করা হয়। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলির সঙ্গে পরিবেশকর্মীদের সমন্বয় আরও বাড়ানোর পাশাপাশি পরিবেশ, ভূমি, কৃষি ও সেচ-সহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের নিয়ে একটি নদী কমিশন গঠনের দাবিও তোলা হয়।
সভায় সবুজ মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত, যুগ্ম সম্পাদক শাশ্বত দেব এবং সহ-সভাপতি অনিমেষ বসু-সহ সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি উত্তরবঙ্গের সাত জেলার বিভিন্ন পরিবেশ সংগঠনের প্রতিনিধিরাও নিজেদের এলাকার নদী সংক্রান্ত সমস্যা তুলে ধরেন।
কেন্দ্র ও রাজ্যের কাছে দাবিপত্র দেওয়ার সিদ্ধান্ত
আলোচনা শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ১০ দফা দাবিপত্র সংবাদমাধ্যমের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে দাবিপত্রটি কেন্দ্র ও রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক এবং মন্ত্রীদের কাছেও দেওয়া হবে।
সবুজ মঞ্চের পক্ষ থেকে সভায় অংশ নেওয়া পরিবেশ সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি নদী নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত অধ্যাপক এবং সাংবাদিকদের ধন্যবাদ জানানো হয়।
আলোচনা সভার শেষে মধ্যাহ্নভোজনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
