কোচবিহারে প্যাডেল টু প্যান্ডেল ২০২৬, সাইকেল অভিযানে ৭৩ জন
ছোটবেলার দুর্গাপুজোর স্মৃতি ফিরিয়ে কোচবিহারে পেডাল টু প্যান্ডেল ২০২৬। কোচবিহার সাইকেল কমিউনিটির সহযোগিতায় ৭৩ জন সাইকেল আরোহীর অভিযানে পরিবেশ রক্ষার বার্তা।
ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দুর্গাপুজোয় সাইকেল অভিযান, কোচবিহারে পেডাল টু প্যান্ডেলে ৭৩ জন
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, ১৩ অক্টোবর: ছোটবেলায় সাইকেল চালিয়ে মণ্ডপে মণ্ডপে দুর্গাপুজো দেখতে যাওয়ার সেই চেনা স্মৃতি ফিরিয়ে আনতে কোচবিহারে আয়োজিত হল ‘পেডাল টু প্যান্ডেল ২০২৬’। মঙ্গলবার সকালে কোচবিহার সাইকেল কমিউনিটির সহযোগিতায় আয়োজিত এই সাইকেল অভিযানে অংশ নেন ৭৩ জন সাইকেল আরোহী। শৈশবের নস্টালজিয়ার পাশাপাশি সাইকেল চালানোর মাধ্যমে শহর ও আশপাশের এলাকাকে দূষণমুক্ত রাখার বার্তা দেন উদ্যোক্তারা।

সকাল ৭টা ১৫ মিনিটে কোচবিহার রাজবাড়ি পার্ক থেকে এই অভিযানের সূচনা হয়। সমাজসেবী ও বিশেষভাবে সক্ষম যুবক আসিফ ইকবাল হুইলচেয়ারে বসেই সবুজ পতাকা দেখিয়ে সাইকেল রাইডের সূচনা করেন। এদিনের রাইডার ক্যাপ্টেন ছিলেন প্রাক্তন শিক্ষক ও নাট্যব্যক্তিত্ব পূর্বাচল দাশগুপ্ত।
দুর্গাপুজোর ঐতিহ্যকে সামনে রেখে এদিনের অভিযানে ছিল বিশেষ আয়োজন। অংশগ্রহণকারী প্রত্যেক সাইকেল আরোহীকে দেওয়া হয় হলুদ পাঞ্জাবি ও জলখাবার। হলুদ পাঞ্জাবি পরে একসঙ্গে সাইকেল চালিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়েন তাঁরা। শিশু থেকে প্রবীণ, সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
রাজবাড়ি পার্ক থেকে যাত্রা শুরু করে সাইকেল আরোহীরা রাজবাড়ি এলাকা, সাগরদিঘি, দেবীবাড়ি ও মদনবাড়ি হয়ে হরিশপাল চৌপথি অতিক্রম করে পুনরায় রাজবাড়ি পার্কে ফিরে আসেন।

আয়োজকদের বক্তব্য, ছোটবেলায় সাইকেল নিয়ে ঠাকুর দেখতে যাওয়ার আনন্দকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং সাইকেলের ব্যবহার বাড়িয়ে পরিবেশদূষণ কমানোর বিষয়ে সচেতনতা তৈরি করাই এই কর্মসূচির অন্যতম লক্ষ্য। বর্তমানে পুজোর মণ্ডপে যাতায়াতের ক্ষেত্রে মোটরবাইক ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার বাড়ছে। এই পরিস্থিতিতে সাইকেলকে পরিবেশবান্ধব যাতায়াতের মাধ্যম হিসেবে জনপ্রিয় করে তুলতে চেয়েছেন তাঁরা।
সাইকেল চালানো একদিকে যেমন শরীরচর্চার সহজ মাধ্যম, অন্যদিকে তেমনই জ্বালানির ব্যবহার ও যানবাহনজনিত দূষণ কমাতেও সহায়ক। দুর্গাপুজোর আনন্দের সঙ্গে এই বার্তাকে যুক্ত করেই আয়োজিত হয় ‘পেডাল টু প্যান্ডেল ২০২৬’।
স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (SAI), ফিট ইন্ডিয়া, স্টার্ট আপ ফাউন্ডেশন ও পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির কোচবিহার পর্বে সহযোগিতা করে কোচবিহার সাইকেল কমিউনিটি।
শৈশবের স্মৃতি, বাঙালির উৎসবের ঐতিহ্য এবং পরিবেশ রক্ষার বার্তাকে একসূত্রে বেঁধে এদিনের সাইকেল অভিযান কোচবিহারে দুর্গাপুজোর আনন্দে যোগ করল এক নতুন মাত্রা।
