কাটমানির অভিযোগে তৃণমূল বুথ সভাপতিকে প্রকাশ্যে হেনস্থার অভিযোগ, উত্তেজনা কোচবিহারের মাথাভাঙায়
কোচবিহারের মাথাভাঙায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল বুথ সভাপতি অতুল বিশ্বাসকে প্রকাশ্যে হেনস্থার অভিযোগ। ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে।
কাটমানির অভিযোগ ঘিরে তৃণমূল বুথ সভাপতিকে প্রকাশ্যে হেনস্থার অভিযোগ
সিটি নিউজ বাংলা, ডিস্ট্রিক্ট ডেস্ক : কোচবিহারের মাথাভাঙা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চাটামপাড়া এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, টাকা ফেরত না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অতুল বিশ্বাসকে প্রকাশ্যে হেনস্থা করা হয়।
স্থানীয়দের দাবি, অভিযুক্তকে কোমরে দড়ি বেঁধে, গলায় জুতোর মালা পরিয়ে এবং মাথার একাংশ মুড়িয়ে এলাকায় ঘোরানো হয়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরতের দাবি জানানো হলেও তা না মেলায় ক্ষোভ চরমে ওঠে। এরপরই এই হেনস্থার ঘটনা ঘটে বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর তরজা। যদিও স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করেছে, এই ঘটনার সঙ্গে তাদের দলের কোনও সম্পর্ক নেই। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
সরকারি হাসপাতালের ওয়ার্ডে মোবাইল ও ছবি তোলায় কড়াকড়ি, নতুন নির্দেশ স্বাস্থ্য দপ্তরের
ঘটনার সত্যতা এবং অভিযোগের তদন্তে প্রশাসন কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।
