'পশ্চিমবঙ্গ আবাস' প্রকল্পে বড় সুখবর, ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা | CT News Bangla
‘পশ্চিমবঙ্গ আবাস’ প্রকল্পে বড় সুখবর, ১০ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকছে ৬০ হাজার টাকা
সিটি নিউজ বাংলা, স্টেট ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের গ্রামীণ আবাসন প্রকল্প ‘পশ্চিমবঙ্গ আবাস’-এর দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ শুরু হয়েছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, যাঁরা বাড়ি নির্মাণের কাজ লিন্টেল স্তর পর্যন্ত সম্পূর্ণ করেছেন, এমন প্রায় ১০ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো শুরু হয়েছে।

রাজ্য সরকার জানিয়েছে, আগে ‘বাংলার বাড়ি’ নামে পরিচিত এই প্রকল্পের নাম পরিবর্তন করে এখন ‘পশ্চিমবঙ্গ আবাস’ রাখা হয়েছে। প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তাদের বাড়ি নির্মাণের জন্য মোট ১ লক্ষ ২০ হাজার থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, প্রথম কিস্তির অর্থ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে বাড়ির নির্মাণকাজ লিন্টেল স্তর পর্যন্ত সম্পূর্ণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ে উত্তীর্ণ উপভোক্তারাই দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পাওয়ার যোগ্য হয়েছেন।
অন্যদিকে, যাঁরা এখনও লিন্টেল স্তর পর্যন্ত নির্মাণকাজ শেষ করতে পারেননি, তাঁদের কাজ সম্পূর্ণ হওয়ার পর নতুন করে সমীক্ষা ও যাচাই করা হবে। যাচাই সফল হলে পরবর্তী ধাপে তাঁদের অ্যাকাউন্টেও দ্বিতীয় কিস্তির অর্থ পাঠানো হবে বলে রাজ্য সরকার জানিয়েছে।
এই পদক্ষেপের ফলে গ্রামীণ এলাকায় বাড়ি নির্মাণের কাজ আরও দ্রুত এগোবে এবং লক্ষাধিক পরিবারের নিজস্ব পাকা বাড়ির স্বপ্ন পূরণে নতুন গতি আসবে।
