মালদহে পুলিশের জালে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার, উদ্ধার প্রায় ৪১ লক্ষ টাকা নগদ; গ্রেপ্তার ২
মালদহের গাজোলে পুলিশের অভিযানে উদ্ধার ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার ও প্রায় ৪১ লক্ষ টাকা নগদ। গ্রেপ্তার দুই ব্যক্তি। মাদক পাচারচক্রের যোগ খতিয়ে দেখছে পুলিশ।
মালদহে পুলিশের বড় সাফল্য: উদ্ধার ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার ও প্রায় ৪১ লক্ষ টাকা নগদ, গ্রেপ্তার ২
সিটি নিউজ বাংলা | স্টেট ডেস্ক:
মালদহ জেলার গাজোলে পুলিশের তৎপরতায় বড়সড় মাদক পাচারচক্রের সম্ভাব্য যোগের হদিশ মিলেছে। বৃহস্পতিবার সকালে ১২ নম্বর জাতীয় সড়কের রাঙাভিটা এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই মোটরবাইক আরোহীকে আটক করে গাজোল থানার পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁদের কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হয় ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার এবং প্রায় ৪১ লক্ষ টাকা নগদ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সিদ্ধার্থ মণ্ডল, বাড়ি বৈষ্ণবনগর এবং কিশোর মণ্ডল, বাড়ি কালিয়াচক। ঘটনাস্থল থেকেই তাঁদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদক ও নগদ অর্থের উৎস এবং এর সঙ্গে বৃহত্তর মাদক পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডালখোলা থেকে মালদহের দিকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও উদ্ধার হওয়া অর্থ সরাসরি মাদক পাচারের সঙ্গে যুক্ত কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় তদন্তকারীরা।
অভিযানে ব্যবহৃত দুটি মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই পাচারচক্রের মূল হোতা এবং এর সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত শুরু হয়েছে।
পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও নগদ অর্থ উদ্ধার হওয়ায় মালদহ জেলাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারীদের মতে, এই ঘটনার সূত্র ধরে একটি বৃহৎ মাদক পাচারচক্রের পর্দাফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে। :::
