আদানি-সহ তিনজনের বিরুদ্ধে মার্কিন ফৌজদারি মামলা খারিজ, বড় স্বস্তি
গৌতম আদানি, সাগর আদানি ও বিনীত জৈনের বিরুদ্ধে মার্কিন ফৌজদারি মামলা স্থায়ীভাবে খারিজ। নিউইয়র্কের ফেডারেল আদালতের রায়ে বড় আইনি স্বস্তি আদানি গোষ্ঠীর।
আদানি-সহ তিনজনের বিরুদ্ধে মার্কিন ফৌজদারি মামলা খারিজ, বড় স্বস্তি শিল্পগোষ্ঠীর
সিটি নিউজ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউইয়র্ক: শিল্পপতি গৌতম আদানি, সাগর আদানি এবং বিনীত জৈনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে চলা ফৌজদারি মামলা স্থায়ীভাবে খারিজ করে দিল নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল আদালত। ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের আবেদনের ভিত্তিতে বিচারক নিকোলাস গ্যারফিস এই নির্দেশ দেন।

২০২৪ সালের নভেম্বরে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ভারতে সৌরবিদ্যুৎ প্রকল্পের চুক্তি পাওয়ার জন্য ঘুষ দেওয়া এবং মার্কিন বিনিয়োগকারীদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছিল। এই অভিযোগ ঘিরেই মার্কিন আদালতে ফৌজদারি মামলা শুরু হয়।
মামলাটি প্রত্যাহারের আবেদন জানিয়ে মার্কিন বিচার বিভাগ যুক্তি দেয়, অভিযোগগুলির বড় অংশই বিদেশে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে এবং সেগুলি আদালতে প্রমাণ করা যথেষ্ট জটিল। পাশাপাশি, মামলাটি বিচার বিভাগের বর্তমান অগ্রাধিকারের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয় বলে জানানো হয়।
এরপর বিচারক গ্যারফিস মামলাটি ‘ডিসমিস উইথ প্রিজুডিস’ হিসেবে খারিজ করেন। এর অর্থ, একই ফৌজদারি অভিযোগে ভবিষ্যতে নতুন করে মামলা করার সুযোগ থাকবে না। তবে আদালতের এই সিদ্ধান্তকে অভিযুক্তদের সম্পূর্ণ নির্দোষ প্রমাণের রায় হিসেবে ব্যাখ্যা করা হয়নি।
অন্যদিকে, মামলার সঙ্গে যুক্ত দেওয়ানি ও আর্থিক বিষয়গুলিও আলাদাভাবে নিষ্পত্তির পথে এগিয়েছে। মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) দেওয়ানি অভিযোগ মেটাতে গৌতম আদানি ৬০ লক্ষ ডলার এবং সাগর আদানি ১ কোটি ২০ লক্ষ ডলার দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন বলে জানা গিয়েছে।
এছাড়াও, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ নিষ্পত্তি করতে আদানি এন্টারপ্রাইজেস মার্কিন ট্রেজারি বিভাগকে ২৭ কোটি ৫০ লক্ষ ডলার দেওয়ার ব্যাপারেও সম্মত হয়েছে।
ব্রিজ ভূষণ যৌন হেনস্থার মামলা থেকে বেকসুর খালাস, আদালতে বড় স্বস্তি
ফৌজদারি মামলা স্থায়ীভাবে খারিজ হওয়ায় আপাতত মার্কিন আদালতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে চলা এই মামলায় বড় আইনি স্বস্তি মিলল।
