মাঝআকাশে ৩০০ ফুট নিচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান, পাইলটের ড্রাগ টেস্টে গাঁজার প্রমাণ
ফুকেট-দিল্লিগামী Air India AI2379 বিমান মাঝআকাশে ৩০০ ফুট নেমে যায়। ঘটনায় ২০ যাত্রী ও ৪ ক্রু আহত, পাইলটের ড্রাগ টেস্টে মারিজুয়ানার প্রমাণ।
মাঝআকাশে ৩০০ ফুট নিচে নামল এয়ার ইন্ডিয়ার বিমান, পাইলটের ড্রাগ টেস্টে গাঁজার প্রমাণ
সিটি নিউজ বাংলা, ন্যাশনাল ডেস্ক, নয়াদিল্লি: ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝআকাশে আচমকা উচ্চতা কমে যাওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে আরও গুরুতর তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, ঘটনার পর এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI2379-এর পাইলট-ইন-কম্যান্ডের কনফার্মেটরি ড্রাগ টেস্টে মারিজুয়ানা বা গাঁজা সেবনের প্রমাণ মিলেছে।

গত ৪ আগস্ট ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা হওয়া এয়ারবাস A320 বিমানটি মাঝআকাশে আচমকাই প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। ওই ঘটনায় বিমানে থাকা ২০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য আহত হন বলে জানা গিয়েছে।
দিল্লিতে অবতরণের পর নিয়ম অনুযায়ী পাইলটের ড্রাগ স্ক্রিনিং করা হয়। প্রাথমিক পরীক্ষায় রিপোর্ট ‘নন-নেগেটিভ’ আসার পর নমুনা কনফার্মেটরি পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই পরীক্ষাতেই মারিজুয়ানা সেবনের প্রমাণ পাওয়া যায় বলে সূত্রের খবর।
ঘটনার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA) এবং এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB)। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে দুই পাইলটকেই আপাতত বিমান চালানোর রোস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
আরজি কর কাণ্ডের দুই বছর: বিচার ও চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে ফের সরব
মাঝআকাশে বিমানের আচমকা উচ্চতা কমে যাওয়া এবং একই সঙ্গে পাইলটের ড্রাগ টেস্টে পজিটিভ রিপোর্ট—দুই ঘটনাকে ঘিরেই এখন তদন্তকারীদের নজর রয়েছে। তদন্তের পরই দুর্ঘটনাটির প্রকৃত কারণ এবং পাইলটের ভূমিকা সম্পর্কে আরও স্পষ্ট তথ্য সামনে আসবে।
