চাঁদা ও হুমকির অভিযোগে উত্তাল বামনহাট, অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ
চাঁদা আদায় ও হুমকির অভিযোগে উত্তাল কোচবিহারের বামনহাট বাজার। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত ব্যবসায়ীদের।
চাঁদা আদায় ও হুমকির অভিযোগে উত্তাল বামনহাট, অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ ব্যবসায়ীদের
সিটি নিউজ বাংলা,কোচবিহার, ডিস্ট্রিক্ট ডেস্ক : জোরপূর্বক চাঁদা আদায় এবং হুমকির অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কোচবিহারের বামনহাট বাজারে। প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট ও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, স্থানীয় একদল দুষ্কৃতী ও প্রভাবশালী ব্যক্তির তরফে ব্যবসায়ীদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছে। চাঁদা দিতে অস্বীকার করলেই ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে নিরাপত্তাহীনতা এবং কথিত জুলুমবাজির প্রতিবাদে সরব হয়েছেন বামনহাট বাজারের ব্যবসায়ীরা। বাজার কমিটির সম্পাদক সন্তু কর্মকারের নেতৃত্বে ব্যবসায়ীরা বৈঠক করে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে চাঁদার জন্য চাপ দেওয়া এবং হুমকির কারণে তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ব্যবসা করে জীবিকা নির্বাহ করাই কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ তাঁদের।
যতক্ষণ না অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততক্ষণ বাজার খোলার বিষয়ে তাঁরা অনড় বলে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিস্থিতি স্বাভাবিক করার পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ব্যবসায়ীদের দাবি, চাঁদাবাজি ও হুমকির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ঘটনাকে কেন্দ্র করে বামনহাট বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
