বিজেপির সংগঠনে বড় রদবদল, স্মৃতি ইরানি-রাম মাধবের প্রত্যাবর্তন
২০২৭ ও ২০২৯-এর নির্বাচনকে সামনে রেখে বিজেপির সংগঠনে বড় রদবদল। নতুন দায়িত্বে স্মৃতি ইরানি, রাম মাধব, পীযূষ গোয়েল-সহ একাধিক নেতা।
বিজেপির সংগঠনে বড় রদবদল, স্মৃতি ইরানি-রাম মাধবের প্রত্যাবর্তন; নতুন দায়িত্বে একাধিক নেতা
২০২৭ সালের একাধিক বিধানসভা নির্বাচন এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক স্তরে বড়সড় রদবদল করা হল। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে ১৭ আগস্ট কেন্দ্রীয় কমিটি এবং ১৮ আগস্ট বিভিন্ন রাজ্যের প্রভারী ও সহ-প্রভারীদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। নতুন সাংগঠনিক টিমে অভিজ্ঞ নেতাদের পাশাপাশি তরুণ মুখকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটে নতুন দায়িত্ব
উত্তরপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যের নতুন প্রভারী করা হয়েছে দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যসভার সাংসদ বিনোদ তাওড়েকে। তাঁর সঙ্গে সহ-প্রভারী হিসেবে দায়িত্ব পেয়েছেন জগদীশ ঈশ্বরভাই প্যাটেল।
পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় সাধারণ সম্পাদক সতীশ পুনিয়াকে। অন্যদিকে, রাজ্যসভার সাংসদ তরুণ চুগকে গুজরাটের নতুন প্রভারী করা হয়েছে।
সংগঠনে ফিরলেন স্মৃতি ইরানি, দায়িত্বে রাম মাধবও
বিজেপির নতুন কেন্দ্রীয় টিমে বড় চমক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির প্রত্যাবর্তন। তাঁকে জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে। একইসঙ্গে আরএসএস ও বিজেপির অভিজ্ঞ কৌশলী রাম মাধবকে জাতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
দলের আইটি ও সোশ্যাল মিডিয়া সংগঠনেও পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্যকে সরিয়ে ছত্তিশগড়ের দীপক মাস্কেকে নতুন সোশ্যাল মিডিয়া কনভেনর করা হয়েছে। পাশাপাশি বিজেপি যুবমোর্চার সভাপতি পদ থেকে তেজস্বী সূর্যকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হেমঙ্গ জোশীকে।
কোষাধ্যক্ষ পদে পীযূষ গোয়েল
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলকে দলের নতুন জাতীয় কোষাধ্যক্ষ করা হয়েছে। অন্যদিকে, বিএল সন্তোষকে জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) পদে বহাল রাখা হয়েছে।
বিজেপির নতুন ৬৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে ৫১ জনই নতুন মুখ বলে দলীয় সূত্রে দাবি করা হয়েছে। তাঁদের মধ্যে ২১ জনের বয়স ৫০ বছরের নিচে। ফলে অভিজ্ঞতার পাশাপাশি তরুণ নেতৃত্বকে সামনে আনার স্পষ্ট বার্তা রয়েছে এই সাংগঠনিক রদবদলে।
পশ্চিমবঙ্গ থেকেও দুই নেতা
নতুন কেন্দ্রীয় কমিটিতে পশ্চিমবঙ্গ থেকেও জায়গা পেয়েছেন দুই নেতা। মধুছন্দা করকে জাতীয় সহ-সভাপতি এবং মনোজ টিগ্গাকে জাতীয় সম্পাদক করা হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, আগামী বিধানসভা ও লোকসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতেই বিজেপির এই বড়সড় রদবদল। নতুন টিমের সামনে এখন রাজ্যভিত্তিক সংগঠন মজবুত করা এবং নির্বাচনী প্রস্তুতিকে আরও গতি দেওয়াই প্রধান লক্ষ্য।
