দিনহাটায় ISI-চর সন্দেহে ৩ জন গ্রেপ্তার, STF-এর অভিযানে চাঞ্চল্য
দিনহাটার সাহেবগঞ্জে অভিযান চালিয়ে ISI-এর হয়ে চরবৃত্তির সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার STF-এর। ভারতীয় সিম বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচারের অভিযোগ।
দিনহাটায় ISI-চর সন্দেহে ৩ জন গ্রেপ্তার, STF-এর অভিযানে চাঞ্চল্য
ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচারের অভিযোগ, তদন্তে উঠে আসছে আন্তর্জাতিক যোগসূত্র
স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোচবিহারের দিনহাটা মহকুমার সাহেবগঞ্জ এলাকায় বড়সড় অভিযান চালিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI-এর হয়ে চরবৃত্তির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ধৃতদের নাম রশিদুল হক, নূর নাসিরুদ্দিন আলি এবং শফিকুল ইসলাম।

তদন্তকারীদের অভিযোগ, ধৃতরা অবৈধভাবে ভারতীয় মোবাইল সিম কার্ড সংগ্রহ করে সেগুলি বাংলাদেশের মাধ্যমে পাকিস্তানে পাচার করত। এই সিম কার্ড কীভাবে এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করা হত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
STF সূত্রে জানা গিয়েছে, এই চক্রের সঙ্গে জাল নোটের কারবার কিংবা অন্য কোনও দেশবিরোধী কার্যকলাপের যোগসূত্র রয়েছে কি না, সেই দিকটিও তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।
সম্প্রতি উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকা থেকে রানা রউফ নামে এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। সেই তদন্তের সূত্র ধরেই কোচবিহারে তল্লাশি চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
স্বাধীনতা দিবসের আগে সীমান্তবর্তী কোচবিহারে এই গ্রেপ্তারি ঘিরে নিরাপত্তা মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ধৃতদের সঙ্গে পাকিস্তান বা বাংলাদেশের কোনও সংগঠিত নেটওয়ার্কের সরাসরি যোগাযোগ ছিল কি না, এখন সেটাই খতিয়ে দেখছেন STF-এর আধিকারিকরা।
