লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, ডুবে গেল MSV Faize Noore Oliya; জীবিত উদ্ধার ১৪ নাবিক
ইয়েমেন উপকূলের কাছে লোহিত সাগরে হামলায় ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV Faize Noore Oliya ডুবে গেছে। ১৩ ভারতীয়সহ ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার।
লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে হামলা, ডুবে গেল এমএসভি ‘ফাইজে নুরি ওলিয়ে’ সিটি নিউজ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক : লোহিত সাগরে ইয়েমেন উপকূলের কাছে ফের বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী নৌকার হামলায় ‘এমএসভি ফাইজে নুরি ওলিয়ে’ (MSV Faize Noore Oliya) নামে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ডুবে যায়। তবে স্বস্তির খবর, জাহাজে থাকা ১৩ জন ভারতীয় ও ১ জন ইয়েমেনি নাগরিকসহ মোট ১৪ জন ক্রু সদস্যকেই জীবিত উদ্ধার করা হয়েছে। জানা গেছে, জাহাজটি ইয়েমেনের হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদা (Al Hudaydah) বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে লোহিত সাগরে চলাচলের সময় অতর্কিত হামলার শিকার হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি বিস্ফোরকবোঝাই রিমোট-নিয়ন্ত্রিত নৌকা অথবা প্রজেক্টাইল ব্যবহার করে হামলা চালানো হয়। বিস্ফোরণের জেরে জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে শেষ পর্যন্ত ডুবে যায়। ঘটনার পরপরই ইয়েমেনের কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ তৎপরতার পর জাহাজে থাকা সকল নাবিককে নিরাপদে উদ্ধার করে মোখা (Port of Mokha) বন্দরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, কারও আঘাত প্রাণঘাতী নয় এবং সকলেই নিরাপদে রয়েছেন। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় (MEA) এক বিবৃতিতে বাণিজ্যিক জাহাজে হামলাকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছে। একইসঙ্গে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই হামলার কড়া নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে, সৌদি আরবের রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস উদ্ধার হওয়া ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দ্রুত দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইয়েমেনি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তাও প্রদান করা হচ্ছে। ভারত আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে নিরাপদ ও অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছে। সরকার জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনে এই সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত জরুরি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এই হামলার জন্য ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের দায়ী করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত হুতি গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। লোহিত সাগরে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং বৈশ্বিক নৌ-নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
