ভারত-নেপাল পর্যটন প্রসারে যৌথ উদ্যোগ, জলদাপাড়ায় ১৫-১৬ সেপ্টেম্বর ‘ইন্দো-নেপাল ট্যুরিজম মিট’
ভারত-নেপাল সীমান্ত পর্যটন প্রসারে EDTDA ও Tourism Forum Jhapa-এর যৌথ উদ্যোগ। ১৫-১৬ সেপ্টেম্বর জলদাপাড়ায় অনুষ্ঠিত হবে ২য় ইন্দো-নেপাল ট্যুরিজম মিট।
ভারত-নেপাল সীমান্ত পর্যটন প্রসারে যৌথ উদ্যোগ, জলদাপাড়ায় বসছে ‘২য় ইন্দো-নেপাল ট্যুরিজম মিট’
সিটি নিউজ বাংলা, আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও নেপালের মধ্যে সীমান্ত পর্যটনকে আরও শক্তিশালী করা এবং দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের পর্যটন সম্ভাবনাকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে যৌথ উদ্যোগে এগিয়ে এল ইস্টার্ন ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (EDTDA) এবং ট্যুরিজম ফোরাম ঝাপা (TFJ)।
‘২য় ইন্দো-নেপাল ট্যুরিজম মিট’ আয়োজনকে সামনে রেখে নেপালের কাকরভিট্টার ট্যুরিজম অফিসে দুই সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ব ডুয়ার্সের জলদাপাড়ায় এই পর্যটন সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৈঠকে শুধু পর্যটন নয়, ভারত ও নেপালের মধ্যে সাইকেল পর্যটন ও মৈত্রী সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৬ সেপ্টেম্বর জলদাপাড়া ও কোচবিহারকে কেন্দ্র করে ‘ভারত-নেপাল মৈত্রী সাইকেল যাত্রা’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দুই দেশের পর্যটনপ্রেমী এবং সাইক্লিং কমিউনিটির মধ্যে পারস্পরিক যোগাযোগ ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই উপলক্ষে ভারত ও নেপালের সাইকেল কমিউনিটির সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। কোচবিহার সাইকেল কমিউনিটি-র পক্ষ থেকে সাইকেল আরোহী সুমন্ত সাহা এবং নেপালের TFJ ঝাপা সাইক্লিং ক্লাব-এর পক্ষ থেকে সাইকেল আরোহী আকাশ শ্রেষ্ঠ উপস্থিত ছিলেন। তাঁরা নিজেদের সংগঠনের লোগো পরস্পরের হাতে তুলে দিয়ে দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি ও সহযোগিতার বার্তা বহন করেন।
‘২য় ইন্দো-নেপাল ট্যুরিজম মিট’-এ পূর্ব নেপাল এবং সমগ্র ডুয়ার্স অঞ্চলের পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন অংশীদার, পর্যটন ব্যবসায়ী, সংগঠন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণ করার কথা রয়েছে। বৈঠকে দুই অঞ্চলের পর্যটন সম্ভাবনা, পারস্পরিক সহযোগিতা এবং সীমান্তবর্তী পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের মতে, ভারত ও নেপালের মধ্যে এ ধরনের যৌথ উদ্যোগ ক্রস-বর্ডার ট্যুরিজম বা সীমান্ত পর্যটনকে আরও প্রসারিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পূর্ব নেপাল ও ডুয়ার্সের পর্যটনকেন্দ্রগুলিকে একসঙ্গে প্রচার করা গেলে দুই দেশের পর্যটকদের জন্য নতুন পর্যটন সার্কিট তৈরির পাশাপাশি স্থানীয় পর্যটন ব্যবসা ও অর্থনীতিও উপকৃত হবে।
যৌথ বৈঠকে উপস্থিত ছিলেন কাকরভিট্টার চিফ ইনফরমেশন অফিসার ছবিলাল খাতিওয়াডা, নিরোজ কাটেল, TFJ-এর সভাপতি উদয় কুমার শ্রেষ্ঠ, সম্পাদক নবীন খারেল-সহ দুই সংগঠনের অন্যান্য সদস্যরা।

বৈঠক শেষে EDTDA-এর সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ সাহা উপস্থিত সকল প্রতিনিধিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ভারত ও নেপালের সীমান্তবর্তী অঞ্চলের পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।
