লাইভ স্ট্রিমিং চলাকালীন গুলিতে খুন জনপ্রিয় মেক্সিকান টিকটক তারকা
মেক্সিকোর কুলিয়াকানে লাইভ স্ট্রিমিং চলাকালীন গুলিতে নিহত জনপ্রিয় টিকটক তারকা সিজার গাস্তেলুম। পরিকল্পিত হামলার অভিযোগ, তদন্তে নেমেছে প্রশাসন।
সিটি নিউজ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক :
মেক্সিকোর সিনালোয়া রাজ্যের কুলিয়াকান শহরে লাইভ স্ট্রিমিং চলাকালীন গুলিতে নিহত হলেন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিজার গাস্তেলুম (২৫)। মঙ্গলবার সন্ধ্যায় একটি ফাস্ট-ফুড দোকানের বাইরে বন্ধুদের সঙ্গে ভিডিও তৈরি করার সময় মোটরসাইকেলে এসে মুখোশধারী দুই আততায়ী খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন তিনি। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে স্থানীয় প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা হেলমেট ও মুখোশ পরে মোটরসাইকেলে এসে আচমকাই গুলি চালায় এবং মুহূর্তের মধ্যে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পুরো ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মাত্র ২৫ বছর বয়সী সিজার গাস্তেলুম টিকটকে ছয় লক্ষেরও বেশি অনুসরণকারী (ফলোয়ার) নিয়ে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। মূলত কমেডি ও বিনোদনমূলক ভিডিওর মাধ্যমে তিনি সোশ্যাল মিডিয়ায় পরিচিতি লাভ করেছিলেন।
ঘটনার তদন্ত শুরু করেছে মেক্সিকোর ফেডারেল সিকিউরিটি ক্যাবিনেট এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রাথমিক তদন্তে এটিকে পরিকল্পিত ও লক্ষ্যভিত্তিক হামলা বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সিনালোয়া কার্টেলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষ বা সংগঠিত অপরাধচক্রের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং হামলার নেপথ্যে থাকা মূল চক্রকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন।
