নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি, সুপ্রিম কোর্টে আবেদন অনিতা বসু পাফের
টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষিত নেতাজির কথিত চিতাভস্ম ভারতে ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন অনিতা বসু পাফের। কেন্দ্রের বক্তব্য জানতে নোটিশ।
নেতাজির চিতাভস্ম দেশে ফেরানোর আর্জি, সুপ্রিম কোর্টে অনিতা বসু পাফের আবেদন
নয়াদিল্লি: টোকিওর রেনকোজি মন্দিরে সংরক্ষিত নেতাজি সুভাষচন্দ্র বসুর চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন নেতাজির একমাত্র কন্যা অনিতা বসু পাফ। তাঁর আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের অবস্থান জানতে চেয়ে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত।

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে মামলাটির শুনানি হয়। বেঞ্চে রয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনা। আবেদনকারীর হয়ে শীর্ষ আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি।
আবেদনে অনিতা বসু পাফের মূল দাবি, জাপানের টোকিওর রেনকোজি মন্দিরে থাকা নেতাজির চিতাভস্ম ভারতে ফিরিয়ে এনে দেশের মাটিতে যথাযথ রাষ্ট্রীয় ও মর্যাদাপূর্ণভাবে শেষকৃত্য সম্পন্ন করা হোক।
১৯৪৫ সালে তাইহোকুতে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল বলে যে দাবি রয়েছে, সেই ঘটনার সঙ্গে সম্পর্কিত চিতাভস্মই রেনকোজি মন্দিরে সংরক্ষিত রয়েছে বলে দীর্ঘদিন ধরে দাবি করা হয়ে আসছে। তবে নেতাজির মৃত্যু ও তাঁর দেহাবশেষ নিয়ে বিতর্ক এখনও পুরোপুরি মেটেনি।
জানা গিয়েছে, এর আগে নেতাজির পরিবারের অন্য এক সদস্যের করা আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করেছিল। আদালতের তরফে বলা হয়েছিল, এ বিষয়ে নেতাজির সরাসরি আইনসম্মত উত্তরসূরির আদালতে আসা প্রয়োজন। সেই নির্দেশের পর এবার অনিতা বসু পাফ নিজেই শীর্ষ আদালতে আবেদন করেছেন।
এই আবেদনের পর কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। ফলে রেনকোজি মন্দিরে থাকা নেতাজির চিতাভস্ম ভারতে ফিরিয়ে আনার দাবি ঘিরে দীর্ঘদিনের বিতর্ক নতুন করে আইনি ও রাজনৈতিক গুরুত্ব পেল।
