পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ খনিশ্রমিক
পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত ৩২ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। আরও ১০ জন খনির ভেতরে আটকা পড়েছেন। উদ্ধার অভিযান চলছে।
পাকিস্তানের বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ খনিশ্রমিক
CT News বাংলা ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩২ জন খনিশ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও অন্তত ১০ জন শ্রমিক খনির ভেতরে আটকা পড়েছেন। বৃহস্পতিবার কোয়েটা শহরের উপকণ্ঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পাকিস্তান সরকারের খনি পরিদর্শক ঘানি বালুচ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, খনির ভেতরে জমে থাকা মিথেন গ্যাসের বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর খনির ভেতরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ায় আটকে পড়া শ্রমিকদের জীবিত উদ্ধারের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ বলে আশঙ্কা করা হচ্ছে।

উদ্ধারকারী দল প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে আরও ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (PDMA) জানিয়েছে, খনির ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান এখনও অব্যাহত রয়েছে।
ঘানি বালুচ বলেন, খনির ভেতরে আটকে থাকা প্রত্যেক শ্রমিককে শনাক্ত না করা পর্যন্ত উদ্ধার অভিযান চলবে। তবে ভেতরের প্রতিকূল পরিবেশের কারণে উদ্ধারকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হচ্ছে।
এদিকে, বেলুচিস্তানের খনি ও খনিজসম্পদবিষয়ক মন্ত্রী শোয়েব নশেরওয়ানি উদ্ধারকাজে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তিনি প্রত্যেক পরিবারের জন্য পাঁচ লাখ পাকিস্তানি রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

পাশাপাশি দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রদেশের কয়লাখনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নেরও নির্দেশ দিয়েছে সরকার।
