উত্তম রায়ের ১৭তম প্রয়াণ দিবসে অঙ্কন প্রতিযোগিতা, অংশ নিল ১৩০ শিশু
কোচবিহারের মদনমোহন কলোনিতে স্বর্গীয় উত্তম রায়ের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে রায় পরিবারের অঙ্কন প্রতিযোগিতা। অংশ নেয় ১৩০ জন খুদে শিল্পী শনিবার।
প্রয়াত উত্তম রায়ের স্মৃতিতে অঙ্কন প্রতিযোগিতা, ১৩০ খুদে শিল্পীর অংশগ্রহণে মুখর মদনমোহন কলোনি
কোচবিহার: প্রিয়জনকে হারানোর বেদনা বুকে নিয়েও সেই স্মৃতিকে ভালোবাসা ও সমাজসেবার মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে চলেছে রায় পরিবার। স্বর্গীয় উত্তম রায়ের ১৭তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শিশুদের মুখে হাসি ফোটাতে এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল পরিবার।

কোচবিহারের মদনমোহন কলোনি আর আর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ১৩০ জন ছাত্রছাত্রী উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। রায় পরিবারের পক্ষ থেকে প্রতিটি অংশগ্রহণকারী খুদে শিল্পীকে মেডেল দিয়ে সম্মানিত করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন রায় পরিবারের সদস্য এবং উপস্থিত সমাজকর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত সমাজকর্মী, শিক্ষক-শিক্ষিকা ও পরিবারের সদস্যরা স্বর্গীয় উত্তম রায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।
উল্লেখ্য, বাইক দুর্ঘটনায় ১৭ বছর আগে প্রয়াত হন উত্তম রায়। তিনি সমাজকর্মী তথা ‘বাইক অক্সিজেনম্যান’ শঙ্কর রায়ের ছোট ভাই। এদিন শিক্ষক বিপ্লব তালুকদার পথ দুর্ঘটনা এড়াতে সকলকে হেলমেট ব্যবহারের আবেদন জানান। শিক্ষিকা নিতু দাস পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর বার্তা দেন। অন্যদিকে, সমাজকর্মী সুমন্ত সাহা ‘প্যাডেল ঘোরাও, প্রকৃতি বাঁচাও’ স্লোগানের মাধ্যমে পরিবেশবান্ধব যাতায়াত ও সাইকেল ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
এই উদ্যোগের সঙ্গে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এ আস্থা ফাউন্ডেশনের সদস্যরাও।
প্রিয়জনের স্মৃতিকে শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিশুদের প্রতিভার বিকাশ, আনন্দ ও সামাজিক সচেতনতার মধ্য দিয়ে বাঁচিয়ে রাখার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। দীর্ঘ কয়েক বছর ধরে রায় পরিবার যে আন্তরিকতার সঙ্গে এই কর্মসূচি পালন করে আসছে, তা সমাজের কাছে এক সুন্দর মানবিক বার্তা বহন করে।
স্মৃতির প্রতি শ্রদ্ধা, শিশুদের মুখে হাসি আর আগামী প্রজন্মের জন্য সচেতনতার বার্তা, এভাবেই বেঁচে থাকুক উত্তম রায়ের স্মৃতি।
📹 CT News বাংলা | কোচবিহার
