নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস। ছয় জেলায় ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা। সতর্কতা জারি।
নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর দফায় দফায় ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ছয়টি জেলায় ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও আবহাওয়ার বিশেষ উন্নতি নেই।
কোচবিহারসহ বিভিন্ন জেলায় আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মেঘলা আকাশ ও বৃষ্টির জেরে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকলেও বাতাসে জলীয়বাষ্পের আধিক্যের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে।
বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ রয়েছে।
