প্রথম দিনেই রাজ্যজুড়ে উচ্ছ্বাস, সরকারি বাসে ফ্রি যাত্রার সুবিধা পেতে বাধ্যতামূলক বৈধ পরিচয়পত্র

কলকাতা, ১ জুন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণামতো রাজ্যে আজ থেকে শুরু হয়েছে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার সুবিধা। পরিষেবা চালু হওয়ার প্রথম দিনেই বিভিন্ন বাস টার্মিনাস ও স্ট্যান্ডে দেখা গেল মহিলাদের ব্যাপক উৎসাহ। অফিসগামী থেকে গৃহবধূ, ছাত্রছাত্রী থেকে প্রবীণ মহিলা, সকলের মধ্যেই ছিল নতুন এই উদ্যোগকে ঘিরে উচ্ছ্বাস।
তবে এই সুবিধা পেতে হলে যাত্রীদের মানতে হবে একটি গুরুত্বপূর্ণ নিয়ম। পরিবহণ দফতরের নির্দেশিকা অনুযায়ী, সরকারি বাসে বিনামূল্যে যাত্রার জন্য প্রত্যেক মহিলা যাত্রীকে সঙ্গে রাখতে হবে একটি বৈধ পরিচয়পত্র। আধার কার্ড ছাড়াও ছবি ও ঠিকানাসহ অন্য কোনও সরকারি স্বীকৃত পরিচয়পত্র দেখিয়েও এই সুবিধা পাওয়া যাবে।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, যাত্রাপথে প্রয়োজনে পরিচয়পত্র যাচাই করা হতে পারে। তাই কোনও অসুবিধা এড়াতে বাসে ওঠার আগে প্রয়োজনীয় নথি সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে এই পরিষেবার সূচনাকে স্মরণীয় করে তুলতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)-এর পক্ষ থেকে বিভিন্ন রুটে মহিলা যাত্রীদের হাতে বিনামূল্যের টিকিটের পাশাপাশি চকলেটও তুলে দেওয়া হয়। এই উদ্যোগে খুশি যাত্রীরা।
রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপে মহিলাদের যাতায়াত খরচ অনেকটাই কমবে বলে মনে করছেন সাধারণ মানুষ। পাশাপাশি কর্মজীবী ও নিম্ন আয়ের পরিবারের মহিলাদের জন্য এটি বড় স্বস্তি নিয়ে আসবে বলেও মত সংশ্লিষ্ট মহলের।
