৬ হাজার কোটি টাকার মাদক মামলা, দুবাই থেকে ভারতে ফিরল বীরেন্দর সিং বৈসোয়া
৬ হাজার কোটি টাকার আন্তর্জাতিক মাদকচক্রের মামলায় বড় সাফল্য। দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হল অভিযুক্ত বীরেন্দর সিং বৈসোয়াকে।
৬ হাজার কোটি টাকার মাদক মামলায় বড় সাফল্য, দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ ‘ড্রাগ মাফিয়া’ বীরেন্দর সিং বৈসোয়া
নয়াদিল্লি: আন্তর্জাতিক মাদকচক্রের অন্যতম কুখ্যাত অভিযুক্ত বীরেন্দর সিং বৈসোয়াকে দুবাই থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) এবং আন্তর্জাতিক অপরাধদমন শাখার সমন্বিত অভিযানের পর এয়ার ইন্ডিয়ার ৪৩১০ নম্বর বিমানে তাকে ভারতে ফিরিয়ে আনা হয়।
বীরেন্দর সিং বৈসোয়ার বিরুদ্ধে প্রায় ৬ হাজার কোটি টাকার আন্তর্জাতিক মাদক সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে।

তদন্তকারী সংস্থার দাবি, পুনে ও দিল্লিকেন্দ্রিক কোকেন ও মেফেড্রোন পাচারচক্রের অন্যতম মূল হোতা ছিলেন তিনি। দুবাইয়ে বসে ভারত, থাইল্যান্ড এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত একটি আন্তর্জাতিক মাদক নেটওয়ার্ক পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
NCB-এর আবেদনের ভিত্তিতে বৈসোয়ার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করা হয়েছিল। এরপরই দুবাই পুলিশের হাতে গ্রেফতার হন তিনি। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে তাকে ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
এই প্রত্যর্পণকে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
তদন্তকারীরা ‘টপ-টু-বটম’ এবং ‘বটম-টু-টপ’—দুই কৌশলেই আন্তর্জাতিক মাদকচক্রের শিকড় ও শীর্ষ নেতৃত্বের সন্ধান চালিয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে বৈসোয়াকে NCB-এর হেফাজতে নেওয়া হয়েছে। তাকে আদালতে পেশ করে পরবর্তী তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে।
এই প্রত্যর্পণের ফলে আন্তর্জাতিক মাদকচক্রের আরও এক গুরুত্বপূর্ণ স্তরে পৌঁছনোর সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
