বেলজিয়ামে ভয়াবহ দাবানল, ৩,০০০ হেক্টর বনভূমি পুড়ে ছাই! জার্মানি সীমান্তের দিকে আগুন
বেলজিয়ামের হাই ফেন্স সংরক্ষণাগারে ভয়াবহ দাবানল। প্রায় ৩,০০০ হেক্টর বনভূমি পুড়ে ছাই, জার্মানি সীমান্তের দিকে এগোচ্ছে আগুন। সাহায্যে ইউরোপের একাধিক দেশ।
সিটি নিউজ বাংলা: বেলজিয়ামের পূর্ব সীমান্তে দেশের বৃহত্তম প্রাকৃতিক সংরক্ষণাগার ‘হাই ফেন্স’-এ ভয়াবহ দাবানল। আধুনিক ইতিহাসে এই অঞ্চলকে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হতে হয়েছে বলে জানা যাচ্ছে। ১৪ আগস্ট শুরু হওয়া আগুন মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দ্বিগুণ আকার ধারণ করে প্রায় ৩,০০০ হেক্টর বনভূমি পুড়িয়ে দিয়েছে।

দাবানলের আগুন বর্তমানে জার্মানি সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের তীব্রতা এবং দ্রুত ছড়িয়ে পড়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের।
দাবানল মোকাবিলায় বেলজিয়াম সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। এরপর সুইডেন, নেদারল্যান্ডস, জার্মানি ও লুক্সেমবার্গ থেকে জলবাহী বিমান, হেলিকপ্টার এবং অগ্নিনির্বাপক কর্মীরা এসে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন।
তবে সোমবার, ১৭ আগস্ট ওই এলাকায় কিছুটা বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতিতে সামান্য স্বস্তি ফিরেছে। কমেছে শুষ্কতা, বেড়েছে বাতাসের আর্দ্রতা। ফলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের কাজ কিছুটা সহজ হয়েছে বলে জানা যাচ্ছে।
ইউরোপে ভয়াবহ দাবানল, ফ্রান্স-স্পেন-গ্রিসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি
তবুও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন। জার্মানি সীমান্তের দিকে আগুনের অগ্রগতি ঠেকানোই এখন উদ্ধারকারী দলের অন্যতম প্রধান লক্ষ্য।
