নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুন, তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ গ্রেফতার ৩
নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান খুনের ঘটনায় তৃণমূল পঞ্চায়েত প্রধান ফতেমা বিবি-সহ ৩ জন গ্রেফতার। তদন্তে নয়া মোড়।
সিটি নিউজ বাংলা: নদিয়ায় কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে নৃশংসভাবে খুনের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান-সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি এবং তাঁর দুই সহযোগী সাহেব আলি মণ্ডল ও মিঠুন শেখ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে বেথুয়াডহরি থেকে বাড়ি ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে আনিসুর রহমানের গাড়ি আটকায় একদল সশস্ত্র দুষ্কৃতী। অভিযোগ, প্রথমে গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। এরপর গুলি চালিয়ে আনিসুর ও তাঁর ছেলে আবু সুফিয়ানকে গাড়ি থেকে টেনে নামানো হয়। পরে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে তাঁদের উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
এই ঘটনায় গ্রেফতার হয়েছেন হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবি। তাঁর স্বামী জুব্বার শেখ এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা এবং বর্তমানে জেলবন্দি। নিহতের পরিবারের অভিযোগ, জেল থেকেই জুব্বার শেখের নির্দেশে গোটা হত্যাকাণ্ডের ছক কষা হয়েছিল। যদিও এই অভিযোগের সত্যতা তদন্ত করে দেখছে পুলিশ।
নিহতদের পরিবারের দাবি, জুব্বার শেখ জেলে থাকলেও তাঁর ঘনিষ্ঠরা বাইরে সক্রিয় রয়েছে। পরিবারের তরফে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে।
রামপুরহাটে আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার, চিঠি ঘিরে রহস্য
পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের নেপথ্যে আরও কারা রয়েছে এবং কী কারণে এই খুন, তা জানার চেষ্টা করছে। রবিবার মেডিক্যাল পরীক্ষার পর অভিযুক্তদের আদালতে পেশ করা হবে।
