commonwealth-games-2026-india-boxing-athletics-medals-lovlina-borgohain
কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের দুর্দান্ত সাফল্য। বক্সিংয়ে লাভলিনা বরগোহাইনের নিশ্চিত পদক, অ্যাথলেটিক্সে স্বর্ণ, রুপো ও ব্রোঞ্জ জিতে উজ্জ্বল ভারতীয় ক্রীড়াবিদরা।
নয়াদিল্লি: কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতীয় ক্রীড়াবিদদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রয়েছে। বক্সিং ও অ্যাথলেটিক্সে একের পর এক সাফল্যে ভারতের পদকভাণ্ডার আরও সমৃদ্ধ হয়েছে। ইতিমধ্যেই একাধিক ইভেন্টে স্বর্ণ, রুপো ও ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করেছেন ভারতীয় অ্যাথলিটরা।
সবচেয়ে বড় সাফল্য এসেছে বক্সিংয়ে। অসমের তারকা বক্সার লাভলিনা বরগোহাইন মহিলাদের ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে ভারতের জন্য অন্তত একটি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। এবার তাঁর লক্ষ্য ফাইনালে উঠে স্বর্ণপদকের লড়াইয়ে নামা।

পুরুষদের ৬০ কেজি বিভাগে শচীন সিওয়াচ ইংল্যান্ডের উইলিয়াম হিউইটকে ৪-১ ব্যবধানে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে, মহিলাদের ৫১ কেজি বিভাগে সাক্ষী চৌধুরী বতসোয়ানার প্রতিপক্ষকে ৫-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছেছেন।
এছাড়া পুরুষদের ৮০ কেজি বিভাগে অঙ্কুশ পানঘাল অ্যান্টিগুয়ার জালান জানকে একতরফাভাবে ৫-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। একইসঙ্গে প্রীতি পাওয়ার ও জাদুমণি সিং নিজেদের ম্যাচ জিতে পদকের লড়াইয়ে টিকে রয়েছেন।
অ্যাথলেটিক্সেও ভারতের সাফল্য নজর কেড়েছে। মহিলাদের F57 শটপাট ইভেন্টে শর্মিলা ধানকার ৯.৮১ মিটার থ্রো করে স্বর্ণপদক জয় করেছেন। তাঁর এই সাফল্য ভারতের পদক তালিকায় গুরুত্বপূর্ণ সংযোজন করেছে।
পুরুষদের হাই জাম্প ফাইনালে সর্বেশ অনিল কুশারে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে রুপো পদক জিতেছেন। পাশাপাশি মহিলাদের শটপাট ইভেন্টে শিল্পা কে. শায়লা ব্রোঞ্জ পদক জিতে ভারতের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করেছেন।
কমনওয়েলথ গেমসে ইতিহাস মীরাবাঈ চানুর, হ্যাটট্রিক সোনায় ভারতের প্রথম স্বর্ণপদক
কমনওয়েলথ গেমসের বিভিন্ন ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের ধারাবাহিক সাফল্যে দেশের পদকসংখ্যা ক্রমশ বাড়ছে। আগামী দিনগুলোতেও বক্সিং, অ্যাথলেটিক্সসহ একাধিক বিভাগে ভারতের সামনে আরও পদক জয়ের সম্ভাবনা রয়েছে। ক্রীড়াপ্রেমীদের আশা, এই ধারাবাহিকতা বজায় রেখে ভারত আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।
