কোচবিহারে ১.৭ কেজি সোনা সদৃশ বস্তু উদ্ধার, গ্রেফতার
কোচবিহার শহরের বড়দেবী বাড়ি এলাকা থেকে প্রায় ১.৭০০ কেজি সোনা সদৃশ বস্তু উদ্ধার। ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
ফের কোচবিহারে সোনা সদৃশ বস্তু উদ্ধার, গ্রেফতার ৪

CT News বাংলা | কোচবিহার
ফের কোচবিহার শহরে বিপুল পরিমাণ সোনা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শহরের বড়দেবী বাড়ি এলাকা থেকে প্রায় ১.৭০০ কেজি ওজনের সোনা সদৃশ বস্তু উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দেহভাজন একটি টোটোকে আটক করে তল্লাশি চালানো হয়। অভিযোগ, টোটোটি বাধেরপাড় রোড হয়ে বড়দেবী বাড়ি এলাকার দিকে যাচ্ছিল। তল্লাশির সময় টোটো থেকে প্রায় ১.৭০০ কেজি ওজনের সোনা সদৃশ বস্তু উদ্ধার হয়।
ঘটনায় আব্দুল কাদার, রাহুল রায় ওরফে শিবা, নুরুল হক এবং রশিদুল ইসলাম নামে চারজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ।
উদ্ধার হওয়া বস্তুটি প্রকৃত সোনা কি না, তার গুণমান ও আনুমানিক মূল্য কত, তা নির্ধারণের জন্য পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে এই বস্তু কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। উদ্ধার হওয়া বস্তু এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পাচারচক্রের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, তাও তদন্তকারীরা খতিয়ে দেখছেন।
