ইসকনের হাত ধরে সরকারি স্কুলে উন্নত মানের মিড-ডে মিল, কলকাতায় পাইলট প্রকল্পের সূচনা | CT News Bangla
কলকাতার নির্বাচিত সরকারি স্কুলে ইসকনের সহযোগিতায় উন্নত মানের মিড-ডে মিল প্রকল্পের সূচনা। পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে আরও স্কুলে চালু হবে এই পরিষেবা।
ইসকনের হাত ধরে উন্নত মানের মিড-ডে মিল, কলকাতায় পাইলট প্রকল্পের সূচনা
CT News Bangla | কলকাতা
সরকারি স্কুলের পড়ুয়াদের আরও পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার (১ আগস্ট) কলকাতার নির্বাচিত কয়েকটি সরকারি স্কুলে পাইলট প্রকল্প হিসেবে ইসকনের (ISKCON) সহযোগিতায় উন্নত মানের মিড-ডে মিল পরিবেশন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কিছু সময় রান্নার কাজেও অংশ নেন।

অনুষ্ঠানে তিনি বলেন, উচ্চবিত্ত পরিবারের অধিকাংশ পড়ুয়া সরকারি স্কুলে পড়াশোনা করে না। সরকারি বিদ্যালয়ে মূলত মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছাত্রছাত্রীরাই পড়াশোনা করে। তাই তাদের জন্য স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর ও মানসম্মত খাবার নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি জানান, ইসকনের সহযোগিতায় অত্যাধুনিক স্বাস্থ্যবিধি মেনে রান্না করা খাবার পড়ুয়াদের পরিবেশন করা হবে। প্রতিদিন পরিবর্তন করা হবে খাবারের মেনু, যাতে একঘেয়েমি না আসে এবং পুষ্টির ভারসাম্য বজায় থাকে।

সরকারি সূত্রে জানা গেছে, বিভিন্ন দিনে ভাত, খিচুড়ি, পোলাও, পনির, ছানা, সয়াবিন, মৌসুমি সবজি, বাদাম, মৌসুমি ফল এবং মিষ্টিসহ বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার পরিবেশন করা হবে।
রাজ্য সরকারের দাবি, এই পাইলট প্রকল্প সফল হলে ধাপে ধাপে আরও সরকারি স্কুলে এই পরিষেবা চালু করা হবে। এর ফলে পড়ুয়াদের পুষ্টির মান উন্নত হওয়ার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হারও বাড়বে বলে আশা প্রশাসনের।
