উত্তর ওড়িশায় ভয়াবহ বন্যা, ৫ লক্ষাধিক মানুষ বিপর্যস্ত; বন্ধ রেল যোগাযোগ
নিম্নচাপের জেরে টানা ভারী বৃষ্টিতে উত্তর ওড়িশায় ভয়াবহ বন্যা। বালেশ্বর, ভদ্রক, যাজপুর ও ময়ূরভঞ্জে ৫ লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত। বন্ধ বারিপদা-বাঙ্গিরিপোষী রেলপথ।
উত্তর ওড়িশায় ভয়াবহ বন্যা, বিপর্যস্ত রেল যোগাযোগ
বালেশ্বর, ভদ্রক, যাজপুর ও ময়ূরভঞ্জে বাড়ছে জল, ক্ষতিগ্রস্ত ৫ লক্ষাধিক মানুষ।
নিম্নচাপের জেরে টানা ভারী বৃষ্টিতে উত্তর ওড়িশার একাধিক জেলায় বন্যা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। বালেশ্বর, ভদ্রক, যাজপুর ও ময়ূরভঞ্জ-সহ বিস্তীর্ণ এলাকায় নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বহু গ্রাম ও চাষের জমি। এখনও পর্যন্ত প্রায় ৫ লক্ষাধিক মানুষ বন্যার কবলে পড়েছেন।

বন্যার জেরে বিপর্যস্ত হয়েছে রেল ও সড়ক যোগাযোগও। ময়ূরভঞ্জ জেলার বারিপদা মিউনিসিপ্যালিটি এলাকার স্টেশন বাজার লেভেল ক্রসিংয়ের কাছে প্রায় ৫০ মিটার রেললাইন ধসে গিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই ঘটনার পর বারিপদা-বাঙ্গিরিপোষী রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। খড়গপুর ডিভিশনের রেল ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত মেরামতের কাজ শুরু করেছেন।
রেলের পাশাপাশি NH-49-সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কেও জল জমা ও ধসের কারণে যান চলাচল ব্যাহত হয়েছে। বৈতরণী, ব্রাহ্মণী, বুধাবলঙ্গ ও জলকা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
প্রশাসনের তরফে ইতিমধ্যেই প্রায় ২.৩৭ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া দুর্গতদের রান্না করা খাবার, পানীয় জল ও ওষুধ সরবরাহ করা হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে দুর্গত এলাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
এদিকে, উত্তর ওড়িশায় আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। ফলে আগামী দিনে নদীর জলস্তর আরও বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
