তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড, হোটেলে আগুনে মৃত্যু ৭ পুণ্যার্থীর
শ্রাবণের শেষ সোমবার ভোরে তারাপীঠের একটি চারতলা হোটেলে ভয়াবহ আগুন। দগ্ধ ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু ৭ পুণ্যার্থীর, আহত একাধিক।
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই দগ্ধ হয়ে মৃত্যু ৭ পুণ্যার্থীর
সিটি নিউজ বাংলা: শ্রাবণের শেষ সোমবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল বীরভূমের তারাপীঠ। মন্দিরের কাছের একটি চারতলা হোটেলের নিচতলার রিসেপশনে আগুন লেগে মৃত্যু হয়েছে অন্তত ৭ জন পুণ্যার্থীর। ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং দগ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছেন।

সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে হোটেলের নিচতলার রিসেপশন এলাকায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ও কালো ধোঁয়া হোটেলের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। সেই সময় অধিকাংশ পুণ্যার্থী ঘুমিয়ে থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী ও পুলিশ। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ। দমকলের কর্মীরা হোটেলের ভিতর থেকে ২২ জনকে উদ্ধার করেন। আহতদের দ্রুত রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। হোটেলের ভিতরের ফাইবারের তৈরি সাজসজ্জার সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। শ্রাবণের শেষ সোমবার হওয়ায় তারাপীঠে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় ছিল। ফলে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক আরও ছড়িয়ে পড়ে।
নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুন, তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ গ্রেফতার ৩
ঘটনার পর হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আগুন লাগার সঠিক কারণ এবং হোটেলে নিরাপত্তা বিধি মেনে চলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে প্রশাসন।
