বিহারে বিজেপির গড় ভেঙে ঐতিহাসিক জয় প্রশান্ত কিশোরের, বাঁকিপুর উপনির্বাচনে ১৯ হাজারের বেশি ভোটে বাজিমাত
বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির দীর্ঘদিনের গড় ভেঙে ১৯,৩২৪ ভোটে জয়ী হলেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। নির্বাচনী রাজনীতিতে এটি তাঁর প্রথম জয়।
বিহারে বিজেপির গড় ভেঙে ঐতিহাসিক জয় প্রশান্ত কিশোরের, বাঁকিপুর উপনির্বাচনে ১৯ হাজারের বেশি ভোটে বাজিমাত
সিটি নিউজ বাংলা, ন্যাশনাল ডেস্ক:
বিহারের বহুচর্চিত বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বড়সড় রাজনৈতিক চমক দেখালেন জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর। সক্রিয় নির্বাচনী রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি দখল করে তিনি ঐতিহাসিক জয় অর্জন করেছেন।

ভারতের নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফল অনুযায়ী, জন সুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর পেয়েছেন ৬৪,১৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার পেয়েছেন ৪৪,৮২৭ ভোট। ফলে ১৯,৩২৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন প্রশান্ত কিশোর। এই কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন আরজেডি প্রার্থী রেখা কুমারী, যিনি পেয়েছেন ১৪,২৭৩ ভোট।
১৯৯৫ সাল থেকে বাঁকিপুর বিধানসভা কেন্দ্রটি বিজেপির অন্যতম শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। সেই আসনে জন সুরাজ পার্টির এই জয় বিহারের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একইসঙ্গে এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বিহার বিধানসভায় প্রতিনিধিত্ব নিশ্চিত করল জন সুরাজ পার্টি।
উল্লেখ্য, গত ৩০ জুলাই অনুষ্ঠিত উপনির্বাচনে ভোটদানের হার ছিল ৩৪.৩০ শতাংশ। পাটনার এএন কলেজে ৩২ দফা ভোটগণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
ফল প্রকাশের পর পাটনায় জন সুরাজ পার্টির সদর দফতরে কর্মী-সমর্থকদের আবির খেলা, মিষ্টিমুখ ও উচ্ছ্বাসে বিজয় উদযাপন করতে দেখা যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ফলাফল বিহারের আগামী দিনের রাজনীতিতে নতুন সমীকরণের সূচনা করতে পারে।
