শাহরুখ-অজয়-টাইগারকে FDA-র শোকজ, ‘বিমল এলাচি’ বিজ্ঞাপনে সারোগেট পানমশলা প্রচারের অভিযোগ
নিষিদ্ধ পানমশলার পরোক্ষ প্রচারের অভিযোগে শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে শোকজ মহারাষ্ট্র FDA-এর। ১৫ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ।
শাহরুখ-অজয়-টাইগারকে FDA-র শোকজ, ‘বিমল এলাচি’ বিজ্ঞাপনে নিষিদ্ধ পানমশলার প্রচারের অভিযোগ
মহারাষ্ট্রে নিষিদ্ধ পানমশলার পরোক্ষ প্রচারের অভিযোগে বলিউডের তিন তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে শোকজ নোটিশ পাঠাল মহারাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)। ‘বিমল এলাচি’ (Vimal Elaichi)-র বিজ্ঞাপনের আড়ালে নিষিদ্ধ পানমশলা ব্র্যান্ডের প্রচার করা হচ্ছে কি না, তা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

FDA-এর অভিযোগ, এলাচির মতো বৈধ পণ্যের মোড়ক ও বিজ্ঞাপনের মাধ্যমে কার্যত নিষিদ্ধ পানমশলা ব্র্যান্ডের পরোক্ষ বা ‘সারোগেট’ প্রচার চালানো হচ্ছে। এই ধরনের বিজ্ঞাপন ভোক্তাদের বিভ্রান্ত করতে পারে বলেও অভিযোগ প্রশাসনের।
এই ঘটনায় খাদ্য সুরক্ষা ও মানদণ্ড আইন, ২০০৬-এর ২৪ ও ৫৩ নম্বর ধারার আওতায় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সংশ্লিষ্ট বিজ্ঞাপনগুলি সোশ্যাল মিডিয়া-সহ বিভিন্ন প্রচারমাধ্যম থেকে সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
শোকজ নোটিশের জবাব দেওয়ার জন্য শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফকে ১৫ দিনের সময়সীমা দিয়েছে FDA। নির্ধারিত সময়ের মধ্যে তাঁদের লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এখন দেখার, মহারাষ্ট্র FDA-এর নোটিশের জবাবে তিন অভিনেতা কী ব্যাখ্যা দেন এবং বিজ্ঞাপন সংক্রান্ত এই বিতর্কে পরবর্তী পদক্ষেপ কী হয়।
