তোলাবাজি ও অপহরণের অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য তুফানগঞ্জে
তুফানগঞ্জে তোলাবাজি ও অপহরণের অভিযোগে বিজেপির মণ্ডল সহ-সভাপতি বিশ্বজিৎ তালুকদার গ্রেফতার। ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগে তদন্তে বক্সিরহাট পুলিশ।
তোলাবাজি ও অপহরণের অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য তুফানগঞ্জে
কোচবিহার, ডিস্ট্রিক্ট ডেস্ক : তোলাবাজি ও অপহরণের অভিযোগে গ্রেফতার হলেন বিজেপির তুফানগঞ্জ-৪ মণ্ডলের সহ-সভাপতি বিশ্বজিৎ তালুকদার। আলিপুরদুয়ারের এক ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগে শুক্রবার গভীর রাতে তুফানগঞ্জে তাঁর নিজস্ব বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে অভিযোগ, ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছিল। চাহিদামতো টাকা না দেওয়ায় তাঁর ছেলেকে অপহরণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী।

শুধু অপহরণের অভিযোগই নয়, জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী মালবাহী গাড়ি, পাথরবোঝাই ডাম্পার, মাছ ও পোল্ট্রিবাহী গাড়ি থেকেও নিয়মিত বেআইনিভাবে টাকা তোলার অভিযোগ উঠেছে ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে।
ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিজেপির অন্দরেও ক্ষোভ তৈরি হয়েছে। দলের স্থানীয় নেতা কমল দাস জানিয়েছেন, দলের নাম ব্যবহার করে কোনও ধরনের তোলাবাজি বরদাস্ত করা হবে না। অন্যদিকে, কোচবিহার জেলা বিজেপির সহ-সভাপতি বিরাজ বসুও জানিয়েছেন, অনৈতিক কাজে যুক্ত কোনও কর্মীর বিরুদ্ধে দল প্রয়োজনীয় পদক্ষেপ করবে।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ। অপহরণ ও তোলাবাজির অভিযোগের পাশাপাশি ধৃত নেতার বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
