সৌরভ-ডোনাকে প্রাণনাশের হুমকি, বেনামি চিঠি ঘিরে চাঞ্চল্য | CT News Bangla
সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকির অভিযোগ। বেনামি চিঠি ঘিরে তদন্তে কলকাতা পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে চিঠির উৎস ও কুরিয়ার তথ্য।
সৌরভ-ডোনাকে প্রাণনাশের হুমকি! বেনামি চিঠি ঘিরে তীব্র চাঞ্চল্য, তদন্তে কলকাতা পুলিশ
সিটি নিউজ বাংলা, বেঙ্গল ডেস্ক, কলকাতা: ভারতের প্রাক্তন অধিনায়ক তথা ক্রিকেট প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। গত ১০ আগস্ট সৌরভের ব্যক্তিগত সচিবের পক্ষ থেকে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে অভিযোগ, গত প্রায় ছয় মাস ধরে ইংরেজিতে লেখা একাধিক বেনামি ও আপত্তিকর চিঠি সৌরভের কাছে আসছিল। তবে সোমবার সৌরভের অফিসে পৌঁছয় আরও দুটি চিঠি। একটি চিঠি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে এবং অন্যটি তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে লেখা বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, ওই চিঠিগুলিতে সৌরভ-ডোনা ছাড়াও তাঁদের পরিবারের সদস্য এবং ব্যক্তিগত কর্মীদেরও গুরুতর হুমকি দেওয়া হয়েছে। ঘটনায় উদ্বিগ্ন পরিবার পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি নিরাপত্তা পর্যালোচনার আবেদন জানিয়েছে বলে জানা গিয়েছে।
২০৩০ কমনওয়েলথ গেমসের পতাকা ও ব্যাটন আনুষ্ঠানিকভাবে আমেদাবাদের হাতে, শুরু নতুন অধ্যায়
চিঠিগুলি কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয়েছিল। খামের উপর উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা ‘অরুণ কুমার’-এর নাম ও একটি ফোন নম্বর পাওয়া গিয়েছে বলে অভিযোগ।
তবে সত্যিই ওই ব্যক্তি চিঠিগুলি পাঠিয়েছেন, নাকি তাঁর নাম-পরিচয় ব্যবহার করে অন্য কেউ এই কাজ করেছে—তা খতিয়ে দেখছে পুলিশ।
চিঠির উৎস, কুরিয়ার সংক্রান্ত তথ্য, হস্তাক্ষর এবং ব্যবহৃত মোবাইল নম্বর বা সিমের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। গোটা বিষয়টি তদন্ত করতে পুলিশের বিশেষ দল কাজ করছে বলে জানা গিয়েছে।
সৌরভ-ডোনাকে হুমকির এই অভিযোগে এখন প্রশ্ন একটাই—কে বা কারা পাঠাচ্ছে এই চিঠি? তদন্তের দিকেই তাকিয়ে পরিবার ও ক্রিকেটমহল।
