১৫ আগস্ট লালকেল্লায় নতুন ইতিহাস, প্রথমবার ‘বন্দে মাতরম’ দিয়ে শুরু বিশেষ পর্ব
২০২৬ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লায় নতুন প্রোটোকল। প্রথমবার প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলনের আগে পরিবেশিত হবে ‘বন্দে মাতরম’।
১৫ আগস্টের স্বাধীনতা দিবসে লালকেল্লায় নতুন ইতিহাস, প্রথমবার ‘বন্দে মাতরম’ দিয়ে শুরু হবে বিশেষ পর্ব
সিটি নিউজ বাংলা, নয়াদিল্লি, ন্যাশনাল ডেস্ক : ২০২৬ সালের ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লায় আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হতে চলেছে এক ঐতিহাসিক নতুন পর্ব। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লালকেল্লায় আগমন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্যবর্তী সময়ে পরিবেশিত হবে জাতীয় গান ‘বন্দে মাতরম’।

নতুন প্রোটোকল অনুযায়ী, প্রধানমন্ত্রী লালকেল্লায় পৌঁছনোর পর প্রথমে ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানো হবে। এরপর জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী। সবশেষে পরিবেশিত হবে দেশের জাতীয় সংগীত।
এবারের এই সিদ্ধান্তের সঙ্গে রয়েছে বিশেষ ঐতিহাসিক তাৎপর্যও। ২০২৬ সালেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি। স্বাধীনতা আন্দোলনের সময় দেশবাসীকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে এই গানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ঐতিহাসিক অবদানকে সম্মান জানাতেই এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে গানটিকে।
অরুণাচল নিয়ে চিনকে কড়া জবাব ভারতের! সরকারি মানচিত্রে ২৭ কৌশলগত স্থান
শুধু তাই নয়, এবারের অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্মকেও বিশেষভাবে তুলে ধরা হবে। Gen Z এবং কৃতি শিক্ষার্থীদের অনুষ্ঠানে বিশেষ প্রতিনিধিত্ব থাকবে। বিভিন্ন অলিম্পিয়াডে সফল শিক্ষার্থীদেরও লালকেল্লার পরিখা এলাকায় উপস্থিত থাকার কথা রয়েছে।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকছে বিশেষ চমকও। জ্ঞানপথে NCC ক্যাডেট ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে ‘বন্দে মাতরম’ ফুটিয়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার Mi-17 হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে জাতীয় অনুষ্ঠানে যোগ হবে আরও এক বিশেষ মুহূর্ত।
সব মিলিয়ে ২০২৬ সালের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ঐতিহ্য, দেশাত্মবোধ এবং নতুন প্রজন্মের অংশগ্রহণে এক নতুন মাত্রা পেতে চলেছে।
