অরুণাচল নিয়ে চিনকে কড়া জবাব ভারতের! সরকারি মানচিত্রে ২৭ কৌশলগত স্থান
অরুণাচল প্রদেশের ২৭টি কৌশলগত ও ঐতিহাসিক স্থান সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করল ভারত। চিনের একতরফা নামকরণের প্রচেষ্টার মাঝে এই পদক্ষেপের তাৎপর্য কী?
BREAKING: চীনকে কড়া জবাব ভারতের! অরুণাচলের ২৭ কৌশলগত স্থান সরকারি মানচিত্রে
সিটি নিউজ বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক : অরুণাচল প্রদেশ নিয়ে চীনের একতরফা নাম বদলের প্রচেষ্টার এবার কড়া জবাব দিল ভারত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও সার্ভে অফ ইন্ডিয়ার সরকারি মানচিত্রে অরুণাচল প্রদেশের ২৭টি কৌশলগত, ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানকে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত ও অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ২৭টি স্থানের মধ্যে রয়েছে ২১টি স্থলভাগ বা গ্রাম, ৪টি গুরুত্বপূর্ণ গিরিপথ, ১টি হ্রদ এবং ১টি স্মৃতিসৌধ। সীমান্তবর্তী এলাকাগুলির ভৌগোলিক পরিচয় এবং প্রশাসনিক স্বীকৃতি আরও স্পষ্ট করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সরকারি মানচিত্রে জায়গা পাওয়া উল্লেখযোগ্য স্থানগুলির মধ্যে রয়েছে থাগ লা, লং জু, মাজা ও বিসা গ্রাম। এছাড়াও জো লা, রিজা লা এবং পুকুর লা-র মতো গুরুত্বপূর্ণ গিরিপথও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।
ঐতিহাসিক গুরুত্বের দিক থেকে যশবন্ত গড় ও শের-ই-থাপার স্মৃতিসৌধ বিশেষভাবে উল্লেখযোগ্য। পাশাপাশি সম্ভো সরোবর, জয়রামপুর রসদ সরবরাহ কেন্দ্র, কামলাং নগর এবং একটি ঐতিহাসিক বুদ্ধমন্দিরও সরকারি মানচিত্রে স্থান পেয়েছে।
কেন গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ?
অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দীর্ঘদিন ধরে দাবি করে আসছে চীন। বিভিন্ন সময়ে রাজ্যের বিভিন্ন এলাকা ও ভৌগোলিক স্থানের জন্য একতরফাভাবে নতুন নামও প্রকাশ করেছে বেজিং।
ভারত অবশ্য বরাবরই চীনের এই দাবি এবং নাম পরিবর্তনের উদ্যোগকে ভিত্তিহীন ও একতরফা বলে প্রত্যাখ্যান করেছে।
বিশেষজ্ঞদের মতে, সরকারি মানচিত্রে এই ২৭টি গুরুত্বপূর্ণ স্থানকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে সীমান্ত অঞ্চলের ভৌগোলিক পরিচয়, প্রশাসনিক স্বচ্ছতা এবং ভারতের অবস্থান আরও স্পষ্টভাবে প্রতিষ্ঠিত হলো।
চীনকে কূটনৈতিক ও প্রশাসনিক স্তরে স্পষ্ট বার্তা দিতেই এই পদক্ষেপ—এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল।
